মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে বাগডোগরা রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। রওনা হওয়ার আগে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-এর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেন।
মমতার কথায়, “এসআইআর দু’-তিন মাসে হয় না, সময় লাগে তিন-চার বছর। তৃণমূল এই প্রক্রিয়ার বিরোধী।”
আধার কার্ড প্রসঙ্গ
সোমবার সুপ্রিম কোর্টের রায়ে ভোটার তালিকার নথিতে আধার কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আধার কার্ড এখন পরিচয়পত্র। যাঁদের নেই, তাঁরা করিয়ে নেবেন। ভোটার এপিক কার্ডকেও বৈধ নথি হিসেবে ধরা উচিত।”
উত্তরবঙ্গ সফরসূচি
মমতা জানান, শিলিগুড়িতে উন্নয়ন প্রকল্প ও জমির পাট্টা বিলি সংক্রান্ত বৈঠক রয়েছে। তাঁর কথায়, “বুধবার জলপাইগুড়ি যাব। ১১ হাজার পাট্টা তৈরি রয়েছে, সেগুলি বিলি করব। পরশু কলকাতায় ফিরব।”
নেপাল প্রসঙ্গে মন্তব্য এড়ালেন
সাম্প্রতিক নেপালের বিক্ষোভ ও প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ইস্তফা নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, “নেপাল আমার দেশ নয়, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারব না। প্রতিবেশী দেশ হিসেবে আমরা তাদের ভালবাসি। ভারত সরকার যদি কিছু বলে, তবে আমরা মত দেব।”
তিনি আরও জানান, উত্তরবঙ্গের বিস্তীর্ণ সীমান্ত নেপালের সঙ্গে যুক্ত। তাই শান্তি বজায় রাখার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।