ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘H-1B ভিসা বোমা’ থেকে অবশেষে মিলতে চলেছে ছাড়। হোয়াইট হাউস সূত্রে খবর, চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়ারা (Resident Doctors) এবার মুক্তি পেতে চলেছেন ১ লাখ মার্কিন ডলার বা প্রায় ৯০ লাখ টাকার অতিরিক্ত ফি থেকে।
হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন— “এইচ-১বি ভিসার অতিরিক্ত ফি থেকে চিকিৎসক এবং ডাক্তারি আবাসিক পড়ুয়ারা ছাড় পেতে পারেন।”
কেন এই ছাড়?
মার্কিন প্রশাসনের আশঙ্কা, যদি বিদেশি প্রশিক্ষিত চিকিৎসক ও হাউজস্টাফরা অতিরিক্ত ফি দেওয়ার কারণে কাজ ছেড়ে দেন, তবে স্বাস্থ্য পরিষেবায় ভয়াবহ সঙ্কট তৈরি হবে।
আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা বিদেশি ডাক্তারদের উপরই নির্ভরশীল। প্রায় ৭ কোটি ৬০ লক্ষ মার্কিন নাগরিক প্রত্যন্ত এলাকায় বসবাস করেন। সেখানে মার্কিন-প্রশিক্ষিত ডাক্তার পাওয়া কঠিন। ফলে এইচ-১বি ভিসাধারী চিকিৎসকরা আমেরিকা ছেড়ে গেলে কোটি কোটি মানুষ প্রাথমিক চিকিৎসায় সমস্যায় পড়বেন।
কোন প্রতিষ্ঠানগুলির উপর প্রভাব পড়বে?
ফেডারেল ইমিগ্রেশন রেকর্ড অনুযায়ী,
মায়ো ক্লিনিক (৩০০-রও বেশি অনুমোদিত ভিসা),
ক্লিভল্যান্ড ক্লিনিক,
সেন্ট জুড চিলড্রেন’স রিসার্চ হসপিটাল
—এর মতো শীর্ষস্থানীয় হাসপাতালগুলিই H-1B ভিসার বড় স্পনসর।
নতুন নিয়ম কবে থেকে কার্যকর?
হোয়াইট হাউস জানিয়েছে, ১ লাখ মার্কিন ডলারের ফি শুধুমাত্র ২১ সেপ্টেম্বর বা তার পরে দাখিল করা নতুন H-1B আবেদনগুলির ক্ষেত্রে প্রযোজ্য।
এর আগে জমা দেওয়া আবেদনে এই ফি দিতে হবে না। এছাড়া, প্রশাসন স্পষ্ট করেছে— এটি এককালীন ফি, বার্ষিক নয়।