কোচবিহারের ঘুঘুমারি গাঙ্গলেরকুঠি গ্রাম শনিবার বিকেল থেকেই থমথমে। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিবাদ আচমকাই রক্তক্ষয়ী রূপ নিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরের পরেই হঠাৎ কয়েকজন ব্যক্তি সিরাজুল হক নামের এক ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, ধারালো দা হাতে তারা এলোপাথাড়ি কোপাতে শুরু করে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সিরাজুল। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের দাবি, তাঁর শরীরে গভীর ক্ষত রয়েছে, তবে আপাতত তিনি বিপন্মুক্ত।
ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে টহলদারি চলছে। জমি নিয়ে রেষারেষি এবং রাজনৈতিক দ্বন্দ্বে অশান্ত হয়ে উঠেছে গাঙ্গলেরকুঠি।