সমাজে দায়িত্ব ও কর্তব্য পালনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আজকের দিনে বিরল দৃশ্য। অথচ এই বিরল দৃশ্যই ধরা পড়ল দিনহাটায়। পুলিশ দিবসকে কেন্দ্র করে সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা আজ এক অনন্য উদাহরণ সৃষ্টি করল।
দিনহাটা থানা, দিনহাটা মহিলা থানা এবং এস.ডি.পি.ও অফিসে গিয়ে তারা পুলিশ আধিকারিক ও কর্মীদের হাতে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে শুভেচ্ছা জানায়, কপালে দইয়ের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে। সঙ্গে তুলে দেওয়া হয় সম্মাননার স্মারক। এই সাদামাটা অথচ হৃদয়স্পর্শী উদ্যোগে উজ্জ্বল হয়ে উঠল পারস্পরিক মানবিকতার ছবি।
শিক্ষার্থীরা মনে করিয়ে দিল, পুলিশকর্মীরা প্রতিদিন নিজেদের পরিবার-পরিজনকে দূরে রেখে আমাদের সমাজকে সুরক্ষিত রাখছেন। অপরাধ, বিপদ কিংবা দুর্যোগের মুহূর্তে সর্বাগ্রে তারাই এগিয়ে আসেন। তাই তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শুধু দায়িত্ব নয়, বরং সামাজিক কর্তব্য। এই উপলব্ধি থেকেই আনন্দ ছড়িয়ে দিতে তারা আয়োজন করেছে এই কর্মসূচির।
উল্লেখযোগ্য যে, সিদ্ধেশ্বর সাহা এডুকেয়ার এন্ড ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা সারা বছর ধরে নানা সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসে। কখনও আদিবাসী দিবস পালন, কখনও রক্তদান শিবিরের আয়োজন, আবার কখনও দমকল দিবস বা ডাক দিবসকে ঘিরে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া—এইসব কর্মকাণ্ডে তাঁদের প্রাণোচ্ছল অংশগ্রহণ সমাজের কাছে দৃষ্টান্তস্বরূপ। পাশাপাশি হাতের লেখা প্রতিযোগিতার মতো কর্মসূচিও তারা আয়োজন করে শিক্ষার্থীদের প্রতিভাকে লালন করার জন্য।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋতিকা সাহা, প্রিয়াংশু চৌধুরী, আর্নেষা দে, মিষ্টি বিশ্বাস, স্নেহা সরকার ও আনিশা পারভিন। তাঁদের আন্তরিকতা ও নিষ্ঠা প্রমাণ করে, আগামী দিনের প্রজন্ম কেবল নিজের ভবিষ্যৎ নয়, সমাজের ভবিষ্যতের প্রতিও সমানভাবে দায়বদ্ধ।
এই কর্মসূচি শুধু পুলিশ দিবসের এক দিনের স্মারক নয়, বরং সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত—যেখানে কৃতজ্ঞতা, মানবিকতা আর শ্রদ্ধা মিলেমিশে নতুন প্রজন্মকে গড়ে তুলছে আরও দায়িত্ববান, আরও সজাগ নাগরিক হিসেবে।